খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤সিএমপি পুলিশ ও বিআরটিএ চট্টগ্রাম মহানগরীতে ডিজেল ও সিএনজিচালিত যানবাহন শনাক্তে স্টিকার লাগানোর কাজ শুরু করেছে।
শনিবার নগরীর বিভিন্ন মোড়ে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্মকর্তারা বিভিন্ন বাস ও হিউম্যান হলারে স্টিকার লাগানোর পাশাপাশি ভাড়ার তালিকাও লাগিয়ে দেওয়া হয়।
ডিজেলচালিত যানবাহনে লাল রঙের এবং সিএনজিচালিত যানে সবুজ রঙের স্টিকার লাগানো হয়।
সরকার ডিজেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। তবে সিএনজিচালিত বাহনের ভাড়া বাড়ানো না হলেও বেশি ভাড়া আদায় করা হচ্ছিল। এরপরই দুই ধরনের যানবাহন পৃথক করতে এমন উদ্যোগ নেওয়া হয়।
সকালে টাইগার পাস মোড়ে এ কার্যক্রম চলাকালে সিএমপি পুলিশের উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এনএন নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, যাত্রীরা কোনটি ডিজেল আর কোনটি সিএনজিচালিত যানবাহন সেটা শনাক্তে যাতে বিভ্রান্তিতে না পড়েন ‘ডিজেল চালিত মোটরযান’ ও ‘সিএনজি চালিত মোটরযান’ লেখা স্টিকার লাগানো হচ্ছে।
যানবাহনে কিলোমিটার অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার তালিকাও লাগানো হয়েছে বলে জানান তিনি।
ট্রাফিক পশ্চিম বিভাগের উপ কমিশনার তারেক আহম্মেদ জানান, সকাল থেকে ট্রাফিক বিভাগ ও বিআরটিএ এর সমন্বয়ে এ স্টিকার লাগানো কার্যক্রম শুরু হয়েছে। সব গণপরিবহনে এসব স্টিকার লাগানো হবে।
তিনি জানান, যদি কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া সংগ্রহ করে তাহলে সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ ০১৩২০০৫৭৯৯৮, ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ ০১৯১৯৯১১৯১১ ৯৯৯ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।
গত বুধবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের সঙ্গে পরিবহন মালিক শ্রমিক ও বিআরটিএ কর্মকর্তাদের বৈঠকে লাল ও সবুহ রঙের স্টিকার এবং ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
খখ/মো মি


