খাসখবর প্রতিনিধি. চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেইট এলাকার ষোলশহর শপিং কমপ্লেক্সের বিপরীতে চান্দগাঁও ভূমি সার্কেল অফিসের পাশে ফুটপাত ধরে হাঁটার সময় নালায় পড়ে মো. কামাল নামে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় গতকাল মঙ্গলবার। এদিন বিকেল ৩টা থেকে শিশুটির খোঁজে উদ্ধার অভিযান শুরু করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস। নিখোঁজ কামালের বাবার নাম মো. কাউসার।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, গত সোমবার বিকালে শিশুটি ড্রেনে পড়ে যায়। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে এক সাংবাদিকের কাছ থেকে এ বিষয়ে আমরা জানতে পেরেছি। শিশুটিকে উদ্ধার করতে ইতোমধ্যে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। সেই সাথে ডুবুরি দলও যোগ দিয়েছে।
সুত্রে জানা গেছে, গতকাল (৬ নভেম্বর) বিকেলে রাকিব ও কামাল নামের দুটি শিশু ফুটপাত ধরে হাঁটছিল। এসময় তারা দুজনেই নালায় পড়ে যায়। নালা থেকে রাকিব উঠে আসতে পারলেও কামাল নালাতেই থেকে যায়। ছেলেটির বাবা মানসিকভাবে ভারসাম্যহীন বিধায় ফায়ার সার্ভিসে খবর দিতে পারেনি। পরে আজ এক সাংবাদিকের কাছ থেকে তথ্য পেয়ে শিশুটিকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান গণমাধ্যমকে বলেন, শিশু নালায় পড়ে যাওয়ার বিষয়ে আমরাও কোন খবর পাইনি। আমরা আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।
খখ/মো মি


