জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤উপমহাদেশের জীবন্ত কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।

thai foods

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে লতার ভাতিজি রচনা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল আছে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা। এই বয়সে করোনায় আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। সবার উদ্দেশে তাঁর অনুরোধ, ‘দয়া করে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। তাঁর জন্য প্রার্থনা করবেন।’

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। সেবার ভাইরাল চেস্ট ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাঁর। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় করোনাকালে বেশ সাবধানতা বজায় রেখেই চলেছিলেন এই কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষীয়ান এই সংগীতশিল্পী। ধারণা করা হচ্ছে, তাঁর পরিবারেরই কোনো সদস্য বা পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।

ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন। তাঁর সংগীত ভারত ছাপিয়ে তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। লতা মঙ্গেশকর ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ সালে। একটি মারাঠি ছবিতে প্রথম গান রেকর্ড করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার নিরিখে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল তাঁর। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করার অনন্য নজির গড়েছেন লতা মঙ্গেশকর। তিনি প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। এর মধ্যে আছে বাংলাও।

২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। এর আগে ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ করেছেন লতা। ৯২ বছর বয়সী এই শিল্পী টুইটারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন অনুরাগীদের সঙ্গে। নানা সময়ে অন্য শিল্পীদের বিশেষ দিবসে টুইট করতেন তিনি। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা। বলিউড তারকাসহ অনেকে ‘দ্রত সেরে উঠুন’ লিখে টুইট করেছেন।

খখ/মো মি

আগেচট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান
পরে“জাতির পিতার নির্দেশনামূলক ভাষণ অনুযায়ী বাংলাদেশ চলবে”-প্রধানমন্ত্রী