খাসখবর ভিন্ন খবর ডেস্ক➤শ্বশুর বাড়িতে জামাইর আদর কদর সবসময়ই। আর এ জামাই আদর ভারতীয় উপমহাদেশের এক প্রাচীন সংস্কৃতি। কম বেশি প্রায় সকলেই জামাই আপ্যায়নে সাধ্যের বাইরে গিয়ে আয়োজন করে থাকে নানা পদের খাবার। অনেক সময় জামাইকে আপ্যায়ন করতে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। তেমনি এক কাণ্ড হলো ভারতের অন্ধ্র প্রদেশে। হবু জামাইকে আপ্যায়ন করেই সবার দৃষ্টি কেড়েছে এক পরিবার।
হবু জামাইয়ের জন্য ৩৬৫ পদের খাবারের আয়োজন করেছে অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরি জেলার নারসাপুরাম জেলার এক পরিবার। এ তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এএনআই।
এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মকরসংক্রান্তির ভোগী-সংক্রান্তি-কানুমা উৎসব উপলক্ষে হবু জামাইয়ের জন্য ৩৬৫ পদের খাবারের আয়োজন করেছে অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরি জেলার নারসাপুরাম জেলার এক পরিবার।প্রতিবছরই এ এলাকায় মকরসংক্রান্তির ভোগী-সংক্রান্তি-কানুমা উৎসব পালন করা হয়। প্রায় প্রত্যেক পরিবারেই জামাইয়ের জন্য করা হয় খাবারের বিশেষ আয়োজন। এবছর এই পরিবারটি এই বিশাল আয়োজন করে পুরো ভারতে সাড়া ফেলেছে।
ওই পরিবারের এক সদস্য বলেন, ‘হবু জামাইয়ের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতেই ৩৬৫ পদের খাবার রান্না করা হয়েছে। বছরের ৩৬৫ দিন বিবেচনায় রেখেই খাবারের পদের সংখ্যা নির্ধারিত হয়েছে।’
খাবারের এই বিশাল আয়োজনে বাদ ছিল না কিছুই। শুধু ৩০ পদের তরকারিই ছিল। এ ছাড়া গোদাবরির ঐতিহ্যবাহী মিষ্টি, বিরিয়ানি, ফল, বিস্কুট, পিঠা ও পানীয়ের কোনো কিছুর অভাব ছিল না।
জানা গেছে, ওই হবু জামাইয়ের নাম শ্রীকৃষ্ণ। শিগগিরই তিনি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন কুন্দাভি নামের এক নারীর সঙ্গে। কুন্দাভির বাবা আত্মাম ভেঙ্কাটেশ্বর রাও পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী। শ্রীকৃষ্ণকে আপ্যায়নে ভোজের আয়োজন করেছেন তার হবু স্ত্রীর দাদা আচান্ত গোবিন্দ ও দাদি নাগামনি।
খখ/মো মি


