আফগানিস্তানকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤চট্টগ্রামে বেশ দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে একদিনের সিরিজ নিজেদের করে নিলো তামিম বাহিনী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সফরকারীদের ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

thai foods

৩০৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এতে ৮৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো টাইগাররা।

লিটন দাসের ওয়ানডেতে তৃতীয় শতক আর মুশফিকের ৮৬ রানে বাংলাদেশ যখন ৪ উইকেটে ৩০৬ রান করেছে, তখনই হয়তো জয় নিয়ে শঙ্কা অনেকটা কমে গেছে বাংলাদেশ। আফগানিস্তান ওয়ানডেতে কখনো দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানের বেশি করতে পারেনি, ২৮৮ রান করা ইনিংসেও হারই ছিল তাদের সঙ্গী। এ ম্যাচেও ব্যতিক্রম হলো না।

লিটন-মুশফিকের গড়ে দেওয়া ভিতে বোলাররা সহজেই কাজটা শেষ করে দিয়েছেন। সাতজন বোলারকে বোলিংয়ে এনেছে বাংলাদেশ, এর মধ্যে শেষ দিকে মাহমুদউল্লাহ ও আফিফকে বোলিংয়ে আনা অবশ্য প্রতিদ্বন্দ্বীতার প্রয়োজনে নয়, তাড়াতাড়ি ওভার শেষ করার দরকারে। বাংলাদেশ যে ধীরগতিতে ওভার করে আসছিল শুরু থেকে! সে কারণে শেষদিকে স্পিনারদের দিয়ে দ্রুত ওভার শেষ করার চেষ্টা ছিল তামিমের।

তা যা-ই হোক, শেষ দিকে মাহমুদউল্লাহ ১ ওভার বোলিং করে আর আফিফ ১ বল করেই উইকেটের দেখা পেয়েছেন। উইকেট পেয়েছেন আগের পাঁচ বোলারের সবাইও।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। এর মধ্যে তাসকিন ১০ ওভার বল করে মাত্র ৩১ রান খরচায় উইকেটগুলো নেন। আর সাকিব খরচ করেছেন ৩৮ রান। এছাড়া মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন নিয়েছেন একটি করে উইকেট। অন্য উইকেটটি রানআউট।

মূলত ৩৪ রানে ৩ উইকেট হারানো আফগানদের হয়ে চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ার পর আফগানিস্তানের দুই অর্ধশতক হাঁকানো ব্যাটসম্যান রহমত শাহ (৫২) ও নজিবুল্লাহ জাদরান (৫৪) যখন ১৮ রানের মধ্যে ফিরে গেলেন, ম্যাচটা শেষ হয়ে গেছে সেখানেই!

আফগানদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নাজিবউল্লাহ জাদরান। এছাড়া রহমত শাহ ৫২, মোহাম্মদ নবি ৩২, রশিদ খান ২৯ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এরপর আনুষ্ঠানিকতা সারতে, বাকি ৫ উইকেট ফেলতে যে ৭৮ রান খরচ করতে হয়েছে আর ১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে, সেটিই বরং এই ম্যাচের শেষের অতৃপ্তি হতে পারে বাংলাদেশের!

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৪০৬
পরে“জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের পবিত্র দায়িত্ব”-প্রধানমন্ত্রী