প্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী হাবিবুল আউয়াল

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤নতুন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল জল্পনা-কল্পনার অবসান হয়েছে। সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী পাঁচ বছরের জন্য সিইসির দায়িত্ব পালন করবেন।

thai foods

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার হলেন সিনিয়র সচিব (অব.) কাজী হাবিবুল আউয়াল। অন্য চার কমিশনার হলেন, জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.)  মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) আনিসুর রহমান।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন (ইসি) কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম জমা দেয় সার্চ কমিটি।

ওইদিন বঙ্গভবনের সামনে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছ নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সেখান থেকে ২০১৭ সালে অবসরে যান। এছাড়া কাজী হাবিবুল আউয়াল সরকারের বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

বিসিএসের ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা কাজী হাবিবুল আউয়াল এর আগে ধর্ম, সংসদ সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন।

এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি পর্যায়ে সবার কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম চাওয়া হয়। আওয়ামী লীগসহ অনেক রাজনৈতিক দল নাম পাঠায়। অনেকে ব্যক্তিগতভাবেও নাম পাঠান। সার্চ কমিটির কাছে মোট ৩২২ জনের নাম জমা পড়ে। এরপর তারা কয়েকটি বৈঠক করে ১০ জনের নাম চূড়ান্ত করেন। ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ১০ জনের এ তালিকা জমা দেন সার্চ কমিটির সদস্যরা।

বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পেশাজীবী সংগঠন সার্চ কমিটির কাছে যেসব নাম প্রস্তাব করেছে গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তা প্রকাশ করা হয়। ওই তালিকায় ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছিল। এরপর আরও ডজনখানেক নাম সার্চ কমিটির কাছে জমা পড়েছিল বলে জানা গেছে।

ওই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নাম রয়েছে ৪৯ নম্বরে। এছাড়া ৩২২ জনের তালিকার ২৬১ নম্বরে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ২৩৬ নম্বরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, ১৫৪ নম্বরে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর এবং ১৪৪ নম্বরে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমানের নাম রয়েছে।

খখ/মো মি

আগেকরোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৫৯
পরে“আমার দেওয়া তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দেওয়া হয়েছে”-ডা. জাফরুল্লাহ চৌধুরী