খাসখবর খেলা ডেস্ক➤ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো প্রোটিয়াদের তাদেরই মাটিতে হারালো টাইগাররা। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দলটির বিপক্ষে এর আগে ৬ টেস্ট, ১০ ওয়ানডে (একটি পরিত্যক্ত) ও ৪ টি-টোয়েন্টি খেলে সবগুলোতেই পরাজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার প্রথম জয় পেয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন, তামিম-সাকিব-তাসকিন-মিরাজরা।
আত্মবিশ্বাসটা জন্মে গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে টেস্টে হারানোর পর। সেই ম্যাচে অভিজ্ঞদের মধ্যে মুশফিকুর রহিম ও মুমিনুল হক ছাড়া আর কেউ ছিল না। তাই এমন জয়ে বিদেশের মাটিতে যেকোনো দলকে হারানো সম্ভব, এ আত্মবিশ্বাস গাঢ় হয়। এবার সেটির প্রতিফলন ঘটলো সেঞ্চুরিয়ানে।
দুইবার করে নিজেদের সেরা জুটির রেকর্ড গড়ার পাশাপাশি এই ম্যাচে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ দলীয় সংগ্রহও পায় সফরকারীরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তামিম বাহিনী।প্রথমে ব্যাট করা বাংলাদেশ লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলীর অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান করে। জবাবে ৩১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকরা। মাত্র ৩৫ রানেই হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ ৩ উইকেট। এরপর টানা দুটি বড় জুটিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে তারা। কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত ২৭৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সর্বোচ্চ ৮৬ রান করেন রাসি ভ্যান ডের ডুসেন। এছাড়া ডেভিড মিলার ৭৯, টেম্বা ভুবামা ৩১ ও কাইল ভেরেইনে ২১ রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ উইকেট শিকার করেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা মিলারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ ৩টি ও শরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, ইয়াসির ৫০ ; ইয়ানসেন ২/৫৭, মহারাজ ২/৫৬)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬ (ফন ডার ডুসেন ৮৬, মিলার ৭৯, বাভুমা ৩১ ; শরীফুল ২/৪৭, তাসকিন ৩/৩৬, মিরাজ ৪/৬১)
খখ/মো মি


