খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনায় ফের টানা দুই দিন মৃত্যুশূণ্য। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত অপরিবর্তিত রয়েছে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন
বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ( ৫ এপ্রিল সকাল ৮টা থেকে ৬ এপ্রিল সকাল ৮টা) নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন। আগের দিনও ( ৫ এপ্রিল) ৩৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।
আর সেটা ছিল মহামারি শুরুর পর দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্তের সংখ্যা। ২০২০ সালের ৬ এপ্রিল সর্বনিম্ন ৩৫ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
নতুন শনাক্ত ৩৬ জনের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার মতোই করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ, যা কিনা গতকাল ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ।
অধিদফতর জানাচ্ছে, শনাক্ত হওয়া ৩৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৫ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৯৫৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯১৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৪৬২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৯৩ হাজার ৭৭২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭১ হাজার ৬৯০টি।
দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য আট শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
খখ/মো মি


