চবি’র বিবর্ণ শাটল ট্রেন রাঙালেন জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার

thai foods

খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের হাজারো স্মৃতির বাস্তব সাক্ষী শাটল ট্রেন। এবার সেই শাটল ট্রেনের বিবর্ণ বগিগুলোতে শিক্ষার্থীদের স্মৃতিগুলোকে আবারও বাস্তবে রঙিন করে তুলেছেন জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার।

thai foods

পাহাড় ঘেরা ও সবুজের সমারোহে দুই হাজার একশ একরের ক্যাম্পাসে শিক্ষার্থীদের একমাত্র যাতায়াত বাহন শাটল ট্রেন।

গত ২২ জুলাই থেকে এই নান্দনিক শিল্পকর্ম শুরু করেন জার্মানির আরইউএসবি আর্ট গ্রুপের প্রধান শিল্পী লুকাস জিলিঞ্জার। নিজ অর্থায়নে এসব কাজ করেন তিনি। তাকে সহযোগিতা করেন স্ত্রী লিভিযা জিলিঞ্জার ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অরুপ বড়ুয়া।

তাদের শিল্পকর্মে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নানা ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান। এগুলোর মধ্যে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, রেলওয়ে স্টেশন, সংসদ ভবন, সিআরবি, সূর্যাস্তের দৃশ্য, সমুদ্রসহ বেশকিছু নান্দনিক স্থান। তবে বিশ্ববিদ্যলয় শিক্ষার্থীদের ক্লাস চলাকালে চালু থাকে শাটল।

সে কারণে শাটল ট্রেন সব সময় এক স্টেশনে দাঁড়িয়ে থাকে না। যে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকে সেখানে ছুটে যান জিলিঞ্জার। এভাবে ট্রেনে গ্রাফিতি কাজে ব্যস্ত থাকেন তিনি। এই চিত্রকর্ম সাড়া ফেলেছে পুরো ক্যাম্পাস জুড়ে। উচ্ছ্বাস দেখিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রঙিন শাটলের পাশে হাসিমুখে ছবি তুলছেন অনেকে। কেউবা মোবাইল ফোনে ছবি, ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করছেন। শাটলে নতুন এক মাত্রা যোগ করেছে, যা মুগ্ধ করবে সবাইকে।

চবি’র শিক্ষার্থী জানান, ‘যদিও এর আগে শাটল ট্রেন বর্ণিল হওয়ার কথা শুনেছি। তবে সেটা গ্রাফিতিতে ছিল না। জার্মান শিল্পী লুকাসের গ্রাফিতিগুলো দেখে আসলেই মুগ্ধ হচ্ছি। শিল্পের প্রতি একটা ফ্যাসিনেশন আছে বলেই তিনি নিজ খরচে, পরিশ্রম দিয়ে এত সুন্দর কাজ আমাদের উপহার দিয়েছেন।’

তারা আরও জানান, ‘শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন নয়, আমাদের চারুকলা বা যেসব শিক্ষার্থী শিল্পকর্মের ধারণা রাখে তাদের সবার উচিৎ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে আরও বেশি বেশি করে রাঙিয়ে তোলা। এমন অনেক শিক্ষার্থী আছে যারা মনে মনে এই ইচ্ছেটুকু পোষণ করেন। কিন্তু সহযোগিতার অভাবে ইচ্ছে পূরণ করতে পারে না। ক্যাম্পাসের স্টেশনকে যেহেতু এখন নতুন রূপ দেওয়া হয়েছে। সেটাকেও রাঙিয়ে তোলা যায়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যেন শিক্ষার্থীদের শিল্পকর্ম চর্চার স্থান হয়ে ওঠে।’
জার্মান শিল্পীর রঙে শাটল ট্রেন পাক নতুন রঙ। তবে শুধু রঙ না করে শাটলের মানও বাড়ানো উচিত বলে মনে করছি।’

লুকাস জিলিঞ্জারকে সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অরুপ বড়ুয়া। লুকাস দেশের উদ্দেশে ফিরে যাচ্ছেন বলেও জানান তিনি। ফলে জিলিঞ্জারের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরুপ বড়ুয়া বলেন, ‘উনি (লুকাস) আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার মাধ্যমে জানতে পারে। পরিচিত মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার কাছে একদিন এসেছে। উনিও আর্টিস্ট, আমিও আর্টিস্ট। আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাধে আমাদের বিশ্ববিদ্যালয় শাটলে রঙ করার আগ্রহ প্রকাশ করে।’

তিনি বলেন, ‘পরবর্তী সময়ে আমাদের দেশে একটা কাজ করে দেবেন। আমিও তার দেশে গিয়ে একটা কাজ করে দিয়ে আসব। মূলত আমাদের শাটলকে যেন আলাদাভাবে চেনা যায়, সে কারণে এই কাজটা করা। পৃথিবীজুড়ে উনি এসব কাজ করেন। আপাতত শাটলে কাজ আজকে (মঙ্গলবার) শেষ। উনি জার্মানে চলে যাবেন। তবে পরবর্তী সময়ে হয়তো আরেকটি কাজ আমরা করতে পারি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের যাত্রা শুরু হয় ১৯৮০ সালে। এরপর থেকেই এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র যাতায়াতের মাধ্যম। প্রতিদিন সকালে শহরের বটতলী স্টেশন থেকে এক জোড়া শাটল ক্যাম্পাসে উদ্দেশে যাত্রা শুরু করে। সে সময় শাটল ট্রেনের প্রতিটি বগিতে আলাদা আলাদা নাম দেওয়া হয়। তবে এগুলো কোনো রেলওয়ে কর্তৃপক্ষ দেওয়া সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, উদয়ন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস নয়।

এগুলো চবির বগিবাজ শিক্ষার্থীদের দেওয়া দোস্ত, ককপিট, অলওয়েজ, অক্টোপাস, সিক্সটি নাইন, একাকার, ফাইট ক্লাব, ফাটাফাটি, ভিএক্স, সিএফসি, উল্কা, এফিটাফ, বিজয় নামে এক সময় পরিচিতি লাভ করেছিল। আর এই বগিগুলো ছিল শিল্পের কারুকাজে রঙচঙা। এসব বগিভিত্তিক সংগঠন থেকেই উঠে আসতো ছাত্র রাজনীতি নতুন মুখ। ২০১৫ সালের দিকে চবিতে বগিভিত্তিক সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরপরই এসব সংগঠন ক্যাম্পাসে থাকলেও শাটলের বগি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

জানা গেছে, চবি কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জার্মান শিল্পী দম্পতি সম্পূর্ণ নিজেদের অর্থায়নে কাজটি করেছেন। নিজেদের ভালোলাগা থেকেই তারা নিজেদের অর্থায়নেই শাটল ট্রেনের বগিগুলো রাঙিয়ে তুলছেন। চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন।

চবি কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের পুরাতন রেলওয়ে স্টেশনে ২২ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলমান এই কার্যক্রমে শিল্পীদের নিজস্ব সৃজনশীল থিমের পাশাপাশি বগিগুলোতে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি), জাতীয় সংসদ ভবন ও সমুদ্রসহ বাংলাদেশের নান্দনিক সৌন্দর্য তুলে ধরেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানিয়েছেন, প্রায় চার মাস আগে জার্মান শিল্পী লুকাস জিলিঞ্জার ও তার স্ত্রী লিভিয়া জিলিঞ্জার চবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শাটল ট্রেনের বগিগুলো নান্দনিক শিল্পকর্মে সাজানোর প্রস্তাব দেন। সার্বিক দিক পর্যালোচনা করে তাদের অনুমতি দেওয়া হয়।

তিনি বলেন, “আগেও ট্রেনের বগিতে নানা শিল্পকর্ম অঙ্কিত ছিল। সেগুলো পুরনো হয়ে যাওয়ায় নতুন করে বগি সাজানোর পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়ের। জার্মান শিল্পীদের প্রস্তাব পাওয়ায় তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, “চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাচল করা শাটল ট্রেনের বগিগুলো নান্দনিক শিল্পকর্মে সাজিয়ে তুলছেন জার্মান শিল্পী দম্পতি। নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন প্ল্যাটফরমে এ কার্যক্রম চলছে। শিল্পীদের নিজস্ব সৃজনশীল থিমের পাশাপাশি বগিগুলোতে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যসহ বাংলাদেশের নান্দনিক সৌন্দর্য তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে।”

খখ/মো মি

আগেস্বর্ণের দাম বাড়ল ভরিতে ১৩৪১ টাকা
পরেদুর্নীতি মামলায় ওসি প্রদীপের ২০ বছর ও তার স্ত্রী চুমকীর ২১ বছর কারাদণ্ড