খাসখবর জাতীয় ডেস্কঃ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। মোট জনগোষ্ঠীর মধ্যে গ্রামে বাস করেন ১১ কোটি ৬৩ হাজার ৫৯৭ জন ও শহরে বাস করেন ৫ কোটি ৯ হাজার ৭২ জন। সম্প্রতি অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনায় এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশে বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপনে বলেন, বর্তমানে দেশে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৯৮ জন। দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের।
তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৭ কোটি ২১ লাখ ৯ হাজার ৭৯৬ জন এবং নারীর সংখ্যা ছিল ৭ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৯০১ জন।
সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, দেশে পল্লি এলাকার মোট জনসংখ্যার ৫ কোটি ৫১ লাখ ৬৬ হাজার ৮৪২ জন পুরুষ, নারী ৫ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৪৬২ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ৬ হাজার ২৮২ জন। শহর এলাকায় মোট জনগোষ্ঠীর ২ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার ৯৮২ জন পুরুষ, ২ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন নারী এবং তৃতীয় লিঙ্গের মানুষ ৬ হাজার ৩৪৬ জন।
পল্লি এলাকায় সর্বাধিক জনসংখ্যা ঢাকা বিভাগে দুই কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ২১৬ জন এবং সর্বনিম্ন বরিশালে ৬৮ লাখ ৯ হাজার ৮৪৪ জন। শহর এলাকা সর্বাধিক জনসংখ্যা ঢাকা বিভাগে ২ কোটি ৭ লাখ ৩৮ হাজার ৭৩৯ জন এবং সর্বনিম্ন জনসংখ্যা সিলেট বিভাগে ২০ লাখ ৬৫ হাজার ১২৩ জন।
খখ/মো মি


