খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সাবেক গণপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের খ্যাতিমান ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম আবু ছালেহ (৮২) আর নেই।
বুধবার (৩ আগস্ট) তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান গণমাধ্যমকে জানান, এম আবু ছালেহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। তার তিন মেয়ে। স্ত্রী গতবছর মারা গেছেন।
আজ বাদে এশা মহানগরীর কদম মোবারক এতিমখানা মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টায় সাতকানিয়া কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী,শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দফতর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম, জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, ন্যাপ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত গভীর শোক প্রকাশ করেন।
পৃথক শোক বিবৃতিতে বলা হয়, এম আবু ছালেহ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। আমৃত্যু অসাম্প্রদায়িকতা লালন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন বীরকে হারালো।
পৃথক বিবৃতিতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও পরম করুণাময় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
খখ/মো মি


