খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় হিমালয়ান প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। পরে এ শকুনটিকে স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
আজ ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)
বেলা সাড়ে ১২টার দিকে আনোয়ারা
উপজেলার জুইদণ্ডি ইউনিয়নের দক্ষিণ খুরুশকুল থেকে শকুনটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানায়, দুপুরে একটি বাড়িতে হঠাৎ উড়ে আসে শকুনটি। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস গণমাধ্যমকে বলেন, আমরা উদ্ধারকৃত আহত শকুনটির চিকিৎসা সেবা প্রদান করি। পরে স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দিই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা উদ্ধার করে একটি শকুন নিয়ে এসেছে। আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কাছে এটি হস্তান্তর করা হবে।
খখ/মো মি


