খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম নগরীর হালিশহরে রাবেয়া আক্তার নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘাতক স্বামীর নাম মো. জামিল (৩০)। ঘটনার পরপর তিনি পালিয়ে গেছেন।
১৪ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় হালিশহরের শিশু পল্লীর কেন্দ্রীয় জামে মসজিদের ১ নম্বর লেইন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রাবেয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মানিক মিয়ার মেয়ে। বাসার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন মানিক মিয়া। ৯ মাস পূর্বে হাটহাজারীর রাবেয়া খাতুনের সাথে ভাঙ্গারী ব্যবসায়ী কিশোরগঞ্জের মোহাম্মদ জামিলের বিয়ে হয়। মানিক মিয়া তার বাসার একটি কক্ষে মেয়ে ও মেয়ের জামাইকে থাকতে দেন।
নিহতের বাবা মানিক মিয়া বলেন, সন্ধ্যার দিকে জামাইর জন্য দোকান থেকে নাস্তা আনতে যায়। নাস্তা আনার ১০ মিনিট পর ঘরের বাইরে এসে বাবা বাবা বলে চিৎকার করে মাটিতে পড়ে যায়। তখন দৌঁড়ে গিয়ে দেখি তার গলাকাটা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এনেছে।
জামিল বয়সে যুবক হলেও তার স্ত্রীর বয়স প্রায় দ্বিগুণ। এটি রাবেয়া বেগমের দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারে দুই সন্তান রয়েছে।
জামিলের সংসারে বাচ্চা নেওয়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে রাবেয়ার সাথে
ঝগড়া চলছে জামিলের। জামিল বাচ্চা নেওয়ার পক্ষে থাকলেও রাবেয়ার এতে সায় ছিল না।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন জানান, পারিবারিক ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীর গলায় ছুরি ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় রাবেয়া নামে এ নারীকে হালিশহর একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। স্বামী জামিল ঘটনার পর পালিয়ে গেছে তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
খখ/মো মি


