পটিয়ায় ধলঘাট বুড়াকালী মন্দিরে চুরি যাওয়া স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে কয়েকশত বছরের প্রাচীন শ্রীশ্রী বুড়া কালী মন্দিরে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

thai foods

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ধলঘাটের নন্দরখিল এলাকার একটি পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বলেন, স্থানীয় এক যুবকের থেকে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই। এসব স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দেখে মনে হচ্ছে এগুলো কেউ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। প্রতিমার মুকুট দেখে শনাক্ত করেছি। উদ্ধার স্বর্ণালংকার পুলিশের হেফাজতে আছে। স্বর্ণালঙ্কারগুলো কমপক্ষে ৭০-৮০ বছরের পুরানো। কিছু অলঙ্কার আমরা শনাক্ত করলেও সবকিছু পারিনি। সেগুলো মূর্তির ছবির সাথে মিলিয়ে নিতে হবে।’

পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি কবর জেয়ারত করতে গিয়ে স্বর্ণালঙ্কারগুলো দেখে ছবি তুলে পুলিশকে খবর দেন। তবে এসব স্বর্ণ কারা ফেলে গেছে তা পুলিশ কিংবা স্থানীয়রা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি।

জেলা পুলিশ জানায়, উদ্ধার করা অলঙ্কারের মধ্যে আছে চার ভরি পাঁচ আনা ওজনের স্বর্ণের তৈরি মাথার মুকুট, পাঁচ ভরি ১৪ আনা ওজনের রূপা তৈরি হাতের বালা, ১১ ভরি সাত আনা ওজনের রূপার তৈরি মাথার তাজ, নয়টি নেকলেস, তিনটি চুড়ি, একটি মুণ্ডমালা, দুইটি কণ্ঠহার, তিনটি পলা, কানের দুলসহ আরও কিছু ভাঙ্গা অংশ।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে জুমার নামাজের পর স্থানীয় এক ব্যক্তি অলংকারগুলো দেখতে পায়। খবর পেয়ে উক্ত স্থান থেকে পুলিশ স্বর্ণালংকারগুলো উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি গভীর রাতে মন্দিরের তালা ও গ্রীল কেটে ৩৭ ভরি স্বর্ণ ও অনুমান ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্ত্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

খখ/মো মি

আগেদায়িত্ব নিলেন চান্দগাঁও থানার নতুন ওসি খায়রুল ইসলাম
পরে“বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে লবিং করছে বিএনপি জোট”-ওবায়দুল কাদের