“বাংলাদেশের গর্ব করার অনেক কারণ রয়েছে”- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন (সেক্রেটারি অব স্টেট)।

thai foods

এক বিবৃতিতে তিনি বলেছেন, আপনারা যখন স্বাধীনতার ৫৩ বছর উদযাপন করছেন, তখন বাংলাদেশের গর্ব করার অনেক কারণ রয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত কর্মশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সঙ্গে বাংলাদেশ দ্রুত একটি আঞ্চলিক উন্নয়ন শক্তিতে পরিণত হচ্ছে।

রোববার (২৬ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিবৃতি দেন। বিবৃতিতে তিনি সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানান।

যুক্তরাষ্ট্রের ডিপাটমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে আপনারা শরণার্থীদের প্রতি মানবিক প্রতিশ্রুতি দেখিয়েছেন। জলবায়ু সংকটে অভিযোজন কৌশল তৈরি করা, পরিবেশ রক্ষা ও জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদারের ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছেন।’

ব্লিনকেন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য এবং গত পাঁচ দশকে দুই দেশের যে অর্জন, তার জন্য যুক্তরাষ্ট্র গর্বিত। আমরা করোনা মহামারির বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রচারে একসঙ্গে বাস্তব পদক্ষেপ নিয়েছি।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে আমরা আপনাদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা— যা সবই উন্নয়নশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজের বৈশিষ্ট্য। আমি বিশ্বাস করি, বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করবে।’

সামনের বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও বার্তা দেন সেক্রেটারি অব স্টেট।

খখ/মো মি

আগেচট্টগ্রামে ২৪টি মোটরসাইকেল উদ্ধার,মূলহোতাসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
পরেবঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা