কুমার মণিদীপ্ত,খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে দুই সপ্তাহে ৭০৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ থেকে ১৬ মার্চ পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস)-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি ৯৭ জন, ছিনতাইকারী ৩৬৭ জন, চাঁদাবাজ ২৪ জন, কিশোর গ্যাং সদস্য ১৪৮ জন এবং ৬৯ জন জুয়াড়ি রয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ৯৮ হাজার ২৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৬৮০ গ্রাম ও ১৭৮ পুরিয়া গাঁজা, ৪৮ ক্যান বিয়ার এবং ৮৪ লিটার চোলাই মদ।
এছাড়া উদ্ধার হয়েছে বিদেশি স্টেনগান (এসএমজি), সাবমেশিন গান, ওয়ান শুটার গান, তিনটি বিদেশি পিস্তল, বিদেশি রিভলভার, দেশীয় পাইপগানসহ ৪৭৩ রাউন্ড পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, এসএমজি ও পিস্তলের ম্যাগাজিন। দেশীয় ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ কুড়াল, কিরিচ, রামদা, ছোরা, ধামা, চাপাতি ও কাঁচি।
এছাড়া অভিযান চলাকালে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৪০টি চোরাই মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
সিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, নগরের অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খখ/মো মি


