খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় দেশে প্রাণহানি ছাড়িয়েছে ১৩ হাজারে। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৩২ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে।
শুক্রবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৩৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৪৪টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৩৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৪৪ হাজার ৭৭৩টি।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৪ জনের মধ্যে রাজশাহী বিভাগের ১১ জন। এছাড়া চট্টগ্রামে ১০, ঢাকায় ৮ জন, খুলনায় ৭, রংপুর ৪ ও ময়মনসিংহে ১ জন মারা গেছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের মধ্যে বাসায় ১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ১৭৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৯১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৪৪ হাজার ৮৯৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২১ হাজার ২৭২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৩ হাজার ৬২১ জন।
খখ/মো মি


