খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম মহানগর ডেস্ক➤ দীর্ঘ প্রায় দু’দশক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত থাকার পর অবশেষে বদলি হলেন ওসি হাজী মোহাম্মদ মহসীন। পুলিশ হেডকোয়ার্টার্সের এক আদেশে তাকে খুলনা রেঞ্জ পুলিশে বদলি করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাম্প্রতিককালের ধারাবাহিক রদবদলের অংশ হিসেবে এবার বদলি হলেন সিএমপির ডবলমুরিং থানায় কর্মরত সবচেয়ে আলোচিত ওসি মোহাম্মদ মহসীন।
বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।
ওই আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে আগামী ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ২৬ আগস্ট তারিখ থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
সিএমপির খুলশী থানায় প্রায় দু’দশক পূর্বে এসআই হিসেবে যোগ দেন তিনি। এরপর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত অবস্থায় ইন্সপেক্টর পদে পদোন্নতি পান।
মোহাম্মদ মহসীন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে প্রথমে বাকলিয়া থানা, পর্যায়ক্রমে বায়েজিদ বোস্তামী থানা, কোতোয়ালি থানা এবং সর্বশেষ ডবলমুরিং থানায় কর্মরত রয়েছেন।
খখ/মো মি


