খাসখবর বিনোদন ডেস্ক➤ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান মা হয়েছেন। পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে আজ ২৬ আগস্ট দুপুরে ১২টা ৪৫ মিনিটে তিনি পুত্র সন্তান জন্ম দিয়েছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, নুসরাত ও তার সন্তান সুস্থ আছেন। নবজাতকের ওজন ২ দশমিক ৯ কেজি। মায়ের সঙ্গেই রয়েছে সন্তান।
বুধবার রাতে সঙ্গী যশ দাশগুপ্তের হাত ধরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির হাই প্রোফাইলরাও।
নুসরাতের ইচ্ছা অনুযায়ী সন্তান জন্ম নেওয়ার সময় তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত।
অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু নুসরাত নিজে এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি।
নুসরাত জাহানের মা হওয়ার পুরো জার্নিটা মোটেও সহজ ছিল না বিতর্ক সঙ্গে নিয়েই কেটেছে তার মাতৃত্বকালীন সময়। সন্তানের বাবা নিয়ে বারবার তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবুও নিজেকে শক্ত রাখেন নুসরাত। পৃথিবীর আলো দেখালেন প্রথম সন্তানকে।
বৃহস্পতিবার নুসরাতের হাসপাতালে ভর্তি হওয়ার নেপথ্যে নিঃশব্দে ঘটে গিয়েছিল বেশ কিছু রিয়েল লাইফ চিত্রনাট্য। নুসরাত যে বুধবার হাসপাতালে ভর্তি হবেন এ কথা আগে থেকেই জানা গিয়েছিল। সন্ধে নামতেই নুসরাতের বালিগঞ্জের বাড়ি থেকে নায়িকাকে নিয়েই তার বাড়ি ছাড়তে দেখা যায় যশকে। যশই চালাচ্ছিলেন গাড়িটি। বেশ কিছুক্ষণ নিজেরা সময় কাটিয়ে নুসরাতকে নিয়ে যশ চলে যান তার বাড়িতে। সেখানে যশের মা থাকেন। রাত গভীর হতেই যশকে সঙ্গী করে নুসরাতের গাড়ি ছুটল শহরের এক নামজাদা বেসরকারি হাসপাতালে।
২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ঘর বাঁধেন নুসরাত জাহান। ২০২০ সালে হুট করে শোনা যায়, নিখিলের বাড়ি ছেড়ে নুসরাত রয়েছেন আলাদা। এরপর সামনে আসে নুসরাত-যশের প্রেমের বিষয়টি।
নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে নিখিল জানান, তিনি এই সন্তানের বাবা নন। পরে নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকার করে নুসরাত বিবৃতি দিলে চারদিকে হইচই পড়ে যায়।
নুসরাত বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তার তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাদের বিয়ে হয়নি। তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন।
যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তার দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। গোটা সময়টা কার্যত চুপই ছিলেন তারা। তবে বিগত বেশ কিছু দিন ধরে ডেটের ছবি যেন বুঝিয়ে দিচ্ছিল অনেক কিছু।
মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে অনেকেই। বাদ যাননি নুসরাতের সাবেক স্বামী নিখিলও। শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অভিনেত্রীরাও।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমানে মালদ্বীপে রয়েছেন। নুসরাতের বিশেষ দিনে তাকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী।
নুসরাতের সবচেয়ে কাছের বান্ধবী মিমি চক্রবর্তী ‘খেলা যখন’ সিনেমার শুটিংয়ের জন্য উড়িশায় রয়েছেন। সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গে নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে নুসরাতকে জড়িয়ে ধরতে না পারায় আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।
এক টুইট বার্তায় মিমি চক্রবর্তী লিখেন, ‘দূর থেকেই ভালোবাসা পাঠালাম মায়ের জন্য। ইচ্ছে থাকলেও আলিঙ্গন করতে পারলাম না। অনেক শুভকামনা। ’
এদিকে, রাজনীতি মতাদর্শে অমিল থাকলেও বন্ধুত্বে চির ধরেননি নুসরাত-তনুশ্রীর। নুসরাত অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে একসঙ্গে ঘরোয়া পার্টি করেছেন তারা। সেই ছবিই শেয়ার করে নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেত্রী। শুভেচ্ছার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশও করেছেন তিনি।
সায়নী ঘোষও টুইট করে নুসরাতকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে সায়নী লিখেছেন, ‘নুসরাতের জীবনের এ নতুন শুরুর জন্য শুভকামনা। ’ সেইসঙ্গে তিনি আরও লিখেছেন, ‘সমাজে এবং সোশ্যাল মিডিয়ায় যেসব
শিরদাঁড়া বিহীন মানুষ রয়েছে, তারা যেন এবার একটু সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করে।
খখ/মো মি


