খাসখবর জাতীয় ডেস্কঃ অমর একুশের গানের রচয়িতা, দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর কবরের পাশে তার মরদেহ দাফন সম্পন্ন হয়।
বেলা ১১টা ১৫ মিনিটে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
সেখান থেকে দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। পরে দুপুর ১টা ১৩ মিনিটে তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।
শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ৩টা ১০মিনিটে আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হয়। এরপর বেলা ৩টা ২২ মিনিটে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় গাফ্ফার চৌধুরীর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
খখ/মো মি


