“ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হবে”-বাণিজ্যমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মুরগির ডিম আমদানি করলে যদি দাম কিছুটা কমে তাহলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।

thai foods

বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

টিসিবির এককোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম সংক্রান্ত বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম আমদানি করতে গেলে একটু সময় লাগবে। আমরা একটু দেখি। যদি এমন হয় যে, ডিম আমদানি করলে দাম কিছুটা কমবে তাহলে আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলবো।

ডিমের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আমরা কৃষি, খাদ্য ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছি। আলোচনা হচ্ছে, কিভাবে ডিমের দাম কমানো যায়। সব কিছু তো রাতারাতি কমানো সম্ভব নয়। এটা সত্যিকার অর্থে বিপজ্জনক, একটু সময় দেন আমরা চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, আজকে আমাদের সচিব যাচ্ছেন বৈঠকে। সেখানে ডিমের দাম কেন বেশি হলো সেগুলো আলোচনা করে কোথায় সমস্যা হয়েছে সেটা আমরা দেখবো।

নিত্যপণ্যের দামের পরিস্থিতি স্বাভাবিক করতে কি কি করছেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আমাদের বিভিন্ন সময় এরকম সমস্যা হয়েছে। সেগুলোও আমরা চিহ্নিত করেছি। তবে দুই চার পাঁচ দিন সময় লেগেছে। আশা করছি এটারও একটা ফলাফল আমরা পাবো।

আইনের প্রয়োগ বা সুশাসন থাকলে ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার সাহস পেতো কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীরা সুযোগ নেয় কথা ঠিক। আর একটা কথাও ঠিক আমরা সেটা বিবেচনা করতেও চাই না। এখানে ছোট্ট একটা ব্যাপার রয়েছে। যেমন, ৮০ টাকায় পেঁয়াজ এনে ব্যবসায়ীরা ২০ টাকায় বিক্রি করেছে। তখনতো কেউ কিছু বলেনি। আসলে এটা চাহিদা ও সরবরাহের ব্যাপার। আমাদের যে সমস্যা হয়, আমরা সেটা বিবেচনা করার চেষ্টা করি না।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ইস্যুতে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বলে আশা করছেন- জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেকেই আশাবাদী, অক্টোবরের মধ্যে হয়তো পরিস্থিতি… কতগুলো ফ্যাক্টর তো কাজ করে। এখন আমি জানি না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেব কবে যুদ্ধ বন্ধ করবেন।

সরকার সয়াবিন তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম এখনও বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজার এবং ডলারের মূল্য বৃদ্ধি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হিসাবে-নিকাশ করেই ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে।’

টিপু মুনশি বলেন, ‘টিসিবির পণ্য বিতরণ এবং সুবিধাভোগীদের তালিকাভুক্তির বিষয়ে টিআইবির প্রতিবেদন শতভাগ সঠিক নয়। তাদের হিসাবে গরমিল আছে।’

তিনি বলেন, ‌‘সারাদেশে ১ কোটি সুবিধাভোগীকে টিসিবির পণ্য দেওয়া হবে। প্রায় পুরো দেশের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা শহরের সাড়ে ৪ লাখের তালিকা এখনও বাদ রয়েছে। তবে কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘তালিকাভুক্তির বিষয়ে অনিয়মের অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করছি না। তবে এই অনিয়ম সর্বোচ্চ ৫ শতাংশ হতে পারে। আমরা তাও সংশোধনের চেষ্টা করছি।’

টিপু মুনশি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার কারণে প্রতি কেজি চালের দাম সর্বোচ্চ ৫০ পয়সা বাড়তে পারে। অথচ চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এটা অস্বাভাবিক। মানুষের কষ্ট হচ্ছে— এটি আমরা বুঝি। আমাদের কিছুটা সময় দেন, পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। সুযোগ যখন পায়, ব্যবসায়ীরা সে সুযোগ নেয়-এটি তার প্রমাণ।’

খখ/মো মি

আগে১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার
পরেশিবির ক্যাডার সাজ্জাদের সহকারী গিট্টু মানিককে গ্রেপ্তার করলো বায়েজিদ থানা পুলিশ