খাসখবর রাজনীতি ডেস্কঃ বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলামীর জোট ছাড়া প্রসঙ্গে প্রশ্নের উত্তর দেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, প্রশ্ন করে লাভ নেই, আমি উত্তর দেবো না।
তিনি বলেন, আমি জানি, আপনারা কী প্রশ্ন করবেন। আমারও গণতান্ত্রিক অধিকার আছে উত্তর না দেওয়ার।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।
সারা দেশে বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীনদের হামলার ঘটনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীকে নিয়ে মির্জা ফখরুলের উত্তর না পেয়ে এক সাংবাদিক বলেন, ‘এটাতে আমার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।’ তখন হেসে বিএনপি মহাসচিব বলেন, ‘আমারও গণতান্ত্রিক অধিকার আছে উত্তর না দেওয়ার।’
এর আগে গতকাল রোববার বিকেলে একই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকেও এ প্রশ্ন করা হয়েছিল। তখন তিনিও কোনো জবাব দেননি। এ বিষয়ে তখন পর্যন্ত বিস্তারিত কিছু জানেন না বলে মুচকি হেসে সংবাদ সম্মেলন শেষ করেন রিজভী।
গতকাল (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘২০–দলীয় জোট আর কার্যকর নেই। বিএনপি এই জোট কার্যকর করতে চায় না। বছরের পর বছর ধরে এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না। আমরা তাদের (বিএনপি) সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’
জামায়াত সূত্র বলছে, ১৪ অগাস্ট জামায়াতের মজলিশে শুরার সভায় ওই বক্তব্য দিয়েছিলেন শফিকুর রহমান। ১৯৯৯ সাল থেকে বিএনপির সঙ্গে জোটে রয়েছে জামায়াতে ইসলামী।
খখ/মো মি


