খাসখবর সীতাকুণ্ড ডেস্ক : হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধীতা করে এক ব্যক্তির স্ট্যাটাস নিজের টাইমলাইনে শেয়ার করে বিপদ ডেকে আনলেন সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. গিয়াস উদ্দিন।
অন্যদিকে মামুনুল হকের পক্ষ নিয়ে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে একই ভুল করলেন একই উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. আজিজুল হক আজিজ।
দুজনের ফেসবুক স্ট্যাটাসগুলো দলীয়ভাবে দৃষ্টিগোচর হলে সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহিন আহমেদ ও সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিনের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
দুই ছাত্রলীগ নেতার অব্যাহতির বিষয়টি স্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শিহাব উদ্দিন বলেন, দুজনই হেফাজতের যুগ্ন মহাসচিব মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ কারনে সংগঠন থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
এ ব্যপারে সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. আজিজুল হক আজিজ বলেন, আমি দীর্ঘদিনের মুজিবাদর্শের একজন সৈনিক। জ্ঞান হওয়ার পর থেকেই আমি এ আদর্শ লালন করছি।
তিনি বলেন, সম্প্রতি আমার ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। ওই আইডি ব্যবহার করে কে বা কাহারা মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। পরে অনেক চেষ্টার আইডি উদ্ধার হলে পোষ্টটি আমি মুছে ফেলি। এরপরও দল থেকে অব্যাহতির বিষয়টি দুঃখজনক।
অন্যদিকে ভাটিয়ারী ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমার ব্যবহৃত মোবাইল সেটটি চুরি হয়ে যায়। যারা চুরি করেছে তারাই পোষ্টটি শেয়ার করেছে। মোবাইল চুরির বিষয়টি আমি থানাকেও অবহিত করেছি।
খখ/কামরুল/প্রিন্স


