খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ ২১ মামলায় পরোয়ানাভুক্ত আসামি তোফাজ্জল হোসেন (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিএমপির ডবলমুরিং থানা পুলিশ।
২১টি চেক প্রতারণা মামলায় তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গ্রেপ্তার এড়াতে তোফাজ্জল এতোদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে ধরা পড়লেন ডবলমুরিং থানা পুলিশের জালে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার রামপুরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টিম ডবলমুরিং।
গ্রেপ্তার হওয়া মো. তোফাজ্জল হোসেন শেরপুরের চরখার চর এলাকার মো. সুরুজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা আগ্রাবাদ এলাকায় ব্যবসা করে আসছিলেন।
এবিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন। এব্যাপারে তিনি বলেন, ‘নগরীর আগ্রাবাদ এলাকায় জীবন বীমা ভবনে মেসার্স চট্টলা বোরিং নামে একটি প্রতিষ্ঠান পরিচালনাকারী তোফাজ্জল লোকজনের কাছ থেকে টাকা গ্রহণ করে চেক প্রদান করে আসছিলেন। একই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে একই অভিযোগ ছিল। তিনি ২১ মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার মুভমেন্ট আমরা পর্যবেক্ষণ করছিলাম অনেক দিন ধরে। তাকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডবলমুরিং থানার অপারেশন অফিসার নিপু বিশ্বাস বলেন, যথাযথ আইনী প্রক্রিয়া শেষ করে গ্রেপ্তার হওয়া ২১ মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. তোফাজ্জল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


