খাসখবর বিনোদন ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন। মাত্র ২৪ বছর বয়সেই জীবনের ইতি টানলেন এই অভিনেত্রী।
২০ নভেম্বর (রোববার) দুপুরে কলকাতার একটি
বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ২৪ বছর।
ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অবস্থা মাঝখানে কিছুটা উন্নতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল। কিন্তু ১৭ নভেম্বর জানা যায়, রক্তচাপ ওঠানামা করছে অভিনেত্রীর। সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধও চলছে। বৃহস্পতিবার রাত থেকেই ঐন্দ্রিলার শরীর পুরো অসাড়।
গত রাতে ১০ বার হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিৎসকেরা। জানিয়েছিলেন অভিনেত্রীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। অবশেষে ২০ দিনের লড়াই শেষে চলে গেলেন ঐন্দ্রিলা।
দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা।
অভিনেত্রী হতে চেয়েছিলেন তিনি। তাই তো স্বপ্ন পূরণ করতে বহরমপুর থেকে কলকাতায় আসেন ঐন্দ্রিলা শর্মা। ‘ঝুমুর’ সিরিয়াল দিয়ে তাঁর অভিনয়ের যাত্রা শুরু। এই দীর্ঘ সিরিয়ালে তিনি অভিনয় করে অভিনেতা সব্যসাচী চৌধুরীর বিপরীতে। এই সিরিয়ালে অভিনয় করতে করতে তাঁরা একে অপরকে ভালোবেসে ফেলেন। তাঁদের এই ভালোবাসা শেষ দিন পর্যন্ত অটুট ছিল। ২০ দিন ধরে হাসপাতালে ঐন্দ্রিলার পাঁশেই ছিলেন সব্যসাচী। শেষ পর্যন্ত করে গেছেন তাকে বাঁচানোর চেষ্টা।
‘ঝুমুর’ ছাড়াও ঐন্দ্রিলা অভিনয় করেছেন ‘জীবন জ্যোতি’, ‘জিয়ন কাঠি’ ইত্যাদি টিভি সিরিয়ালে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও করেছেন ‘ভাগাড়’, ‘পাঁচফোড়ন ২’-এর মতো ওয়েব সিরিজ। এভাবেই তিনি হাঁটছিলেন তাঁর স্বপ্ন পূরণের পথেই। আগামী দিনের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী মনে করা হচ্ছিল তাঁকে।
১৭ বছর বয়স থেকে ঐন্দ্রিলাকে ক্যানসারের সঙ্গে লড়তে হয়েছে। একবার সুস্থ হওয়ার পর গত বছর আবারও ক্যানসার ধরা পড়ে। জটিল অস্ত্রোপচার শেষে কিছুটা সুস্থ হতেই ফিরেছিলেন কাজে।
তাঁকে দেখা গিয়েছিল জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে। উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চেও। ‘ভাগাড়’-এর সাফল্যের পর আরও একটি ওয়েব সিরিজে কাজ করার কথা ছিল। কথা ছিল গোয়ায় শুটিং করতে যাবেন ইউনিটের সঙ্গে। কিন্তু এর আগেই আচমকা আবার কঠিন রোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা।
১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম নেওয়া ঐন্দ্রিলা কলকাতায় এসেছিলেন অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। তবে সে স্বপ্ন পুরোপুরি পূরণের আগেই আজ চলে গেলেন তিনি।
খখ/মো মি


