খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চোরাই মোবাইলের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় ১৮টি চোরাই মোবাইল ও আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ১টি কম্পিউটার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচলাইশ থানার হিলভিউ এলাকা এবং চকবাজার থানার বালি আর্কেড থেকে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে৷ পরে তাদের দেওয়া তথ্য মতে অপর একজনকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গ্রেফতার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার। তিনি বলেন, থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেফতার এবং ১৮ টি চোরাই মোবাইল ও ১টি কম্পিউটার উদ্ধার করে।
এ চক্রটি চট্টগ্রাম শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান হতে চুরি-ছিনতাই হওয়া মোবাইলের আইএমইআই নম্বর
পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছিল।
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানার
হিলভিউ এলাকা হতে পেশাদার চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত রেজাউল করিম সুজন (২৬) ও মোঃ নয়ন প্রকাশ আলীকে (২৫) গ্রেফতার করে। গ্রেফতার রেজাউল করিম সুজনের কাছ হতে তাদের নিজস্ব প্রক্রিয়ায় আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করা একটি Vivo – Y21 মোবাইল (যার IMEI-000000000000000/78) উদ্ধার করা হয়। এসময় মোঃ নয়নের কাছ হতে চোরাই ১ টি Walton Primo NX6 মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে চকবাজার বালি আর্কেড এর মোবাইল ল্যাব-২ নামের দোকানে অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের মূল হোতা শহীদুল ইসলাম প্রকাশ পিন্টু (২২)কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে চোরাই ৪ টি Samsung মোবাইল ফোন, ৩ টি চোরাই MI মোবাইল, ১ টি Vivo মোবাইল, ৩ টি iPhone, ১ টি REDMI, ১ টি HUAWEI, ১ টি Realme মোবাইল ফোন এবং মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত ১ টি ২২ ইঞ্চি মনিটর, ও ১ টি সিপিইউ উদ্ধার করে।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অপর সদস্য মোঃ জাহাঙ্গীর প্রঃ ধামা জাহাঙ্গীর (৩৪) শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া
৪টার সময় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ১ টি Walton primo E10 উদ্ধার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল
থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে।
খখ/মো মি


