খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান মাবু।
বেসরকারি ফলাফলে পৌরসভার ৪৩ কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৪১৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (বহিষ্কৃত)প্রার্থী নারিকেল গাছ প্রতীকে মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজার পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে। পৌরসভা নির্বাচনে এই প্রথম ইভিএম পদ্ধতিতে নির্বাচন হয়। এ কারণে ভোটারদের মধ্যে ইভিএম-এ ভোট দেওয়ার অভিজ্ঞতা ছিল না। ভোটাররা তাই ভোট কেন্দ্রে গিয়ে নানা ভোগান্তিতে পড়েন। সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসে ইভিএম মেশিন ঠিক করে দিলে ফের ভোট শুরু হয়। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দিতে পেরে খুশি তারা।
নির্বাচনে মোট ৪৩টি কেন্দ্রে আওয়ামী লীগের মাহাবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশেদুল হক রাশেদ পান ২৪ হাজার ৫৭৪ ভোট।
রোববার (১২ জুন) রাত সোয়া ৯টার দিকে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।
দুপুরে এসএম পাড়া কেন্দ্রে মেয়র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোটারদের টাকা দেওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হাতে নাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি লক্ষণীয়।
এ নির্বাচনে মূল লড়াই হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক ওরফে রাশেদের মধ্যে। তবে মাঠে থাকা পাঁচ প্রার্থীর মধ্যে অপর তিন মেয়রপ্রার্থী হলেন- জগদীশ বড়ুয়া (হেলমেট), জোসনা হক (মোবাইল ফোন) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা)।
নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী থাকলেও মূল লড়াই হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মাবু ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক রাশেদের মধ্যে।
পৌরসভার ১২টি ওয়ার্ডে ৯৪ হাজার ৮১১ ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৫ হাজার ৩৮১ জন। নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর মিলে ৭৮ জন প্রার্থী ভোটযুদ্ধে ছিলেন।
নির্বাচিত সাধারণ কাউন্সিলররা হলেন, ১ নম্বর ওয়ার্ডে আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪ নম্বর ওয়ার্ডে এহেছান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দীন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডে ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডে রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডে সালাহউদ্দিন সেতু, ১১ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ মাজু এবং ১২ নম্বর ওয়ার্ডে এম এ মনজুর।
সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচিতরা হলেন ১, ২, ৩-এ শাহেনা আক্তার পাখি, ৪, ৫, ৬-এ ইয়াসমিন আকতার, ৭,৮,৯- এ জাহেদা আকতার এবং ১০, ১১, ১২-এ নাছিমা আকতার।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নৌকার প্রার্থী মাবু বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে নৌকা দিয়েছেন। জনগণ আমাকে বিজয়ী করেছেন। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
খখ/মো মি


