খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশ গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত হতে একটি চোরাই গরু উদ্ধার এবং চোরাই গরু পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
গ্রেপ্তার গরু চোর চক্রের সদস্যরা হলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক নটুয়ার টিলা তালুকদার বাড়ীর মোঃ নেছার আহাম্মদ প্রকাশ নাছেরের ছেলে মোঃ আকিব উদ্দিন(২৩)। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার জঙ্গল কোদালা জঙ্গল পারুয়ার তালুকদার বাড়ীর ইয়াকুব আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৪)। পটুয়াখালী জেলার গলাচিপা থানার পানপট্টি এলাকার মোঃ আবুল খানের ছেলে
মোঃ রাজীব খান (সিএনজি চালক)(২৪)।
এবিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, চোরাই গরুসহ গ্রেপ্তার হওয়া আসামিরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে কৌশলে গরু চুরি করে এনে সুবিধাজনক স্থানে বিক্রি করে থাকে।
পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার সময় রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টুটন চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই গরু ক্রয়-বিক্রয় করাকালে গরু চোর চক্রের ৩ সদস্যসহ একটি চোরাই গরু উদ্ধার করে।
আসামীরা চোরাই গরু পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সার সীটের সামনে মাঝখানের ফাঁকা অংশে আড়াআড়িভাবে রেখেছিল উদ্ধার হওয়া লালচে রংয়ের বকনা বাছুর গরুটি (যার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা)। অভিযানকালে অজ্ঞাতনামা ৩-৪ জন আসামী কৌশলে পালিয়ে যায়।
চোরাই গরু পরিবহনে ব্যবহৃত জব্দ করা সিএনজি অটোরিক্সা টির (যার রেজিঃ নং-চট্টগ্রাম-ত-১৪-৯২৭৩) মূল্য আনুমানিক সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা।
মামলা রুজুর পর গত ২ সেপ্টেম্বর আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
খখ/মো মি


