খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও চবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আবু তাহের।
মঙ্গলবার (১৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে উপাচার্য পদে এ নিয়োগ দেওয়া হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী ড.মো. আবু তাহের, অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ও সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করতে পারবেন।ভাইস- চ্যান্সলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
অধ্যাপক আবু তাহের বিভাগের সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ডেপুটেশনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লিয়েনে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন। পরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২০ সালে অধ্যাপক আবু তাহেরকে সরকার ৪ বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেয়।
অধ্যাপক আবু তাহেরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায়। ১৯৬২ সালে তিনি জন্মগ্রহণ করেন। সেখানকার কাঞ্চনা মাধ্যমিক বিদ্যালয়ের পর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে অনার্স ও পরেরবছর মাস্টার্স সম্পন্ন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরুতে ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কমার্স কলেজে শিক্ষকতা শুরু করেন আবু তাহের। ১৯৯৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি ওই বিভাগের অধ্যাপক হন।
একাডেমিশিয়ান হিসেবে সুপরিচিত আবু তাহেরের রচিত ব্যবসায় প্রশাসন বিষয়ক ১৭টি বই অনার্স ও মাস্টার্স পর্যায়ে পাঠ্য হিসেবে আছে। মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিল্প সম্পর্ক বিষয়ের শিক্ষক হিসেবে তার খ্যাতি আছে। তিনি বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপনা ছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করেছেন।
খখ/মো মি


