খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ উদ্ধার করেছে কর্ণফুলী নদীর তীর থেকে ভেসে আসা এক বৃদ্ধার লাশ।
ধারণা করা হচ্ছে, লাশটি জোয়ারের পানিতে ভেসে এসে কর্ণফুলী নদীর তীরে আটকে গিয়েছিল।
রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীর বাংলা বাজার আনু মাঝির ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর পাশ থেকে লাশটি পাওয়া যায়।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, সদরঘাট থানাধীন বাংলা বাজার আনু মাঝির ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা বয়স্ক নারীর মরদেহটি শনাক্ত করা যায়নি। স্থানীয়রা কেউ চিনতে পারছে না। বৃদ্ধার বয়স ৫০-৫৫ বছর হতে পারে। লম্বা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। মাথায় লম্বা সাদা কালো চুল রয়েছে। কালো ব্লাউজ ও নীল রঙের পেটিকোট পরিহিত অজ্ঞাতনামা এ বৃদ্ধার কানে দুল ও হাতে দুই টি ইমিটেশন চুড়ি আছে।
ওসি একরাম উল্লাহ আরও জানান, জোয়ারে কাছাকাছি কোনো স্থান থেকে ভেসে এসে তীরে লাশটি আটকে গেছে বলে মনে হচ্ছে। শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
খখ/মো মি


