খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আট বছর বয়সী অপহৃত শিশু মোঃ আফরান নুর আবিরকে উদ্ধার করা হয়েছে। শিশু অপহরণের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ৪ লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় বোয়ালখালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম।
সার্কেল মো. আরিফুল ইসলাম জানান, গত ২৫ মার্চ দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে মাদ্রাসাশিক্ষার্থী মো.আফরান নুর আবির (৮) নিখোঁজ হয়। তাকে কোথাও না পেয়ে থানায় আবিরের পিতা সাধারণ ডায়েরি করেন। ওইদিন রাত ৩টার দিকে আবিরের পিতার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বার্তা দেয় অপহরণকারীরা। তারা বিষয়টির সত্যতা নিশ্চিতের জন্য আবিরের একটি ছবিও পাঠায়।
অপহরণকারীদের দাবি অনুযায়ী টাকা প্রদানে রাজি হলে তারা মোবাইল ব্যাংকিং নগদের একটি নম্বর দেয়। বিষয়টি পুলিশ জানতে পেরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে।
এরমধ্যেই ২৬ মার্চ দুপুরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে আবিরকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
এরপর শিশুটির পিতা বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে রাতে অভিযান চালিয়ে বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়ার লাইলা বাপের বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে সিএনজি চালক নুরুল আলমকে(৩৬) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়। অপরদিকে যশোর জেলার বেনাপোল থানার দুর্গাপুর গ্রামের মো.আয়াতুল্লাহর ছেলে মো. ইকবালকে (২৭) মুক্তিপণের টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধারে প্রতিটি পদক্ষেপ নিতে হয়েছিল খুবই সর্তকতার সাথে। নানা ধরণের ফাঁদ তৈরি করতে হয়েছিল। এতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি পুলিশ, বাঁশখালী থানা পুলিশ, যশোর জেলার শার্শা থানা পুলিশসহ একাধিক টিম বোয়ালখালী থানা পুলিশকে সহায়তা করেছে।
ওসি জানান, অপহরণের ঘটনা জড়িত অপরাপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার, ওসি তদন্ত মো. খায়রুল ইসলাম খান।
খখ/মো মি


