খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে (২৮ এপ্রিল-২ মে) অনুষ্ঠিতব্য ৭ম ইরান এক্সপো ২০২৫ এবং ইরান ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটর্স ফোরাম (আইটিএফ ২০২৫)-এ বাংলাদেশ থেকে তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত হয়েছেন।
হাওজা নিউজ এজেন্সি’র প্রাপ্ত তথ্যমতে এবারের ইরান এক্সপোতে আমন্ত্রিত বাংলাদেশী প্রতিনিধি দলে রয়েছেন- ইমাম হোসাইন (আ.) ট্যুর এন্ড ট্রাভেলের স্বত্বাধিকারী ও পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসাইন। তার সফরসঙ্গী হবেন- ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিনিধি শাহবাজ হোসেন এবং পর্যটন ও বাণিজ্য খাতের বিশেষজ্ঞ মুহাম্মাদ জাকারিয়া।
এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ইরানের রপ্তানি সম্ভাবনা, পর্যটন ও বাণিজ্যিক সুযোগ নিয়ে আলোচনা হবে। এতে ১১০টি দেশের ৪,০০০ এরও বেশি ব্যবসায়ী ও পর্যটন অপারেটর অংশ নিচ্ছেন।
বাংলাদেশি প্রতিনিধিদল ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন।
ইরান এক্সপো ২০২৫-এ খাদ্য, কৃষি, পর্যটন, হস্তশিল্প, পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন খাতের ১,০০০ কোম্পানি অংশগ্রহণ করছে। এছাড়া, আইটিএফ ২০২৫ ফোরামে বিশ্বব্যাপী ট্যুর অপারেটরদের সাথে নেটওয়ার্কিং ও সমঝোতা চুক্তি স্বাক্ষরের সুযোগ থাকবে।
এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়।
খখ/মো মি


