খাসখবর আন্তর্জাতিক ডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাওকতে’। আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন ‘তাওকতে’র শক্তি বেড়েই চলেছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা মারাত্মক রূপ ধারণ করবে।
পরদিন মঙ্গলবার (১৮ এপ্রিল) গুজরাট উপকূলে আছড়ে পড়ে আঘাত হানতে পারে বলে ভারতের আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে।
ইতিমধ্যেই গুজরাট এবং দিউ উপকূলকে ‘সাইক্লোন নজরদারি’তে আনা হয়েছে। করোনার ধাক্কার মাঝেই বছরের প্রথম সাইক্লোন সামলাতে তৎপর প্রশাসনও। তাওকতের পরিস্থিতি নিয়ে (১৫ মে) শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ধ্যায় এক ভিডিও মিটিংয়ে করেন এবং পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
গুজরাটের উপকূলের পোরবন্দর এবং নালিয়ার মাঝে তাওকতে আছড়ে পড়বে বলে আগেই জানানো হয়েছিল। সেই মতো গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ুতে ৫০টির বেশি এনডিআরএফের দল মোতায়েন করা হয়েছে। সতর্ক করা হয়েছে গোয়া প্রশাসনকেও। ইতিমধ্যেই এই রাজ্যগুলির উপকূল এলাকার কিছু জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে। এর ফলে ভূমিধ্বসের আশংকাও রয়েছে কিছু কিছু এলাকায়।
মৎস্যজীবীদের ইতিমধ্যেই আরব সাগরে নামতে নিষেধ করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গেছে । এদিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ, বিমান, হেলিকপ্টার, ছোট নৌকা এবং বিপর্যয় মোকাবিলা দলকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে।
খখ/মো মি


