শুরু হলো ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব

thai foods

খাসখবর ধর্ম ডেস্ক➤ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা সোমবার (১২ জুলাই) শুরু হয়েছে। তবে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে এবারের এই রথযাত্রা উৎসব, ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অনেক আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। সারা দেশের মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে রথটানা ও অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা পালিত হয়েছে। করোনার কারণে গত বছরও অনুরূপভাবে সীমিত পরিসরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছিল।

thai foods

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী গণমাধ্যমকে জানিয়েছেন, সীমিত পরিসরে রথযাত্রা আয়োজন বিষয়ে সারা দেশের পূজা উদ্যাপন কমিটির নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শুধু মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের ভেতরে রথটানা ও পূজাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মন্দিরের বাইরে কোনো ধরনের শোভাযাত্রা কিংবা ভক্ত সমাবেশ করা হবে না।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উলটা রথযাত্রা। এবারের উলটা রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই। রথযাত্রার মতো উলটা রথযাত্রাও উদ্যাপিত হবে সীমিত পরিসরে।

রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত। গাজীপুরের জয়দেবপুরে এই রথযাত্রা মাণিক্যমাধবের রথযাত্রা নামে পরিচিত।

এদিকে চট্টগ্রামের বিভিন্ন মঠ মন্দিরে(কৃষ্ণ মন্দির, ইসকন মন্দির) জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়েছে। ১২ জুলাই বিকেলে চট্টগ্রামের সর্ববৃহৎ কৃষ্ণমন্দির ‘প্রবর্তক ইসকন মন্দিরে’ যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে রথটানা ও অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা পালিত হয়েছে। নব নির্মিত দৃষ্টিনন্দন প্রবর্তক ইসকন মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে রথযাত্রা হয়। এছাড়াও বন্দর নগরী চট্টগ্রামের নন্দনকানন কৃষ্ণ মন্দির, চকবাজার কৃষ্ণ মন্দির, গোল পাহাড় কালী মন্দির প্রাঙ্গণেই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

খখ/মো মি

আগেআসামের কামাখ‌্যা মন্দিরে পূজা দিলেন সারা আলী খান!
পরেকরোনায় ১দিনে আরও ২০৩ জনের মৃত্যু, শনাক্ত ১২১৯৮