খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে প্রায় দেড় বছর আগে করোনা শনাক্ত হয়। কিন্তু খেটে খাওয়া মানুষের দেশে একজনও না খেয়ে মারা যায়নি। সরকার ও আমাদের দলের পক্ষ থেকে ব্যাপক তৎপরতার কারণে মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। সাময়িক অসুবিধা যে হচ্ছে না, তা নয়। সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে লকডাউন বিলম্বিত করতে হবে না।
বিএনপির পরিকল্পিত লকডাউনটা কি ? সেটা জানতে চেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকরা লকডাউন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার বিষয়ে প্রশ্ন করলে তিনি একথা বলেন।
মির্জা ফখরুলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, লকডাউন নিয়ে বিএনপির পক্ষ থেকে একেক সময় একেক রকম কথা বলা হচ্ছে। লকডাউন দেওয়ার আগে তারা বলেছিল- দেশে কঠোর লকডাউন দেওয়া দরকার। আবার লকডাউন দেওয়ার পর বলছে- এই লকডাউন অপরিকল্পিত। তাহলে তাদের পরিকল্পিতটা কি, সেটার প্রেসক্রিপসনটা তারা দিক।
‘সরকার দিন দিন হিংস্র হয়ে উঠছে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে হিংস্র রাজনীতির জনক বিএনপি। ২০১৩-১৪-১৫ সালে মানুষকে পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যা করেছে, বহু মানুষকে ঝলসে দিয়েছে, বহু মানুষকে পঙ্গু করে দিয়েছে। এটি বাংলাদেশে আগে কেউ কখনো দেখেনি।
খখ/মো মি


