খাসখবর জাতীয় ডেস্ক➤অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি তিনি এগ্রন্থমেলার উদ্বোধন করেন।
বইমেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অমর একুশে গ্রন্থমেলা’ পুরো একমাস চালানো যেতে পারে বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমার মনে হয় আমরা বইমেলাটা পুরো মাসই চালাতে পারব।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা সাহিত্য যাতে অন্য ভাষার মানুষরাও জানতে পারে সেই সুযোগ সৃষ্টি করতে হবে। করোনার কারণে কবি, সাহিত্যিক ও শিল্পীসহ অনেককে হারিয়েছি। আমার অনুরোধ বইমেলায় যারা আসবেন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রান্তে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এবারের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে করোনা সংক্রমণ কমে এলে মেলার সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।
এবারের বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৫টি প্যাভিলিয়ন থাকবে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে প্রতিদিন বিকাল ৪টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার অনুষ্ঠিত হবে। মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
খখ/মো মি


