মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন চট্টগ্রাম ৮ আসনের এমপি মোসলেম উদ্দীন আহমদ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন নিবেদিত প্রাণ এ রাজনৈতিক।

thai foods

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা, একমাত্র ভাই, আত্মীয়স্বজন ও বহু রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

মোসলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার সহ সভাপতি, পরে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মোসলেম উদ্দিন আহমদ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরবর্তীতে যুবলীগের রাজনীতি করে দীর্ঘ দেড় দশক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর টানা দুই মেয়াদে ওই শাখার আমৃত্যু সভাপতির দায়িত্বে ছিলেন।

এছাড়া মোসলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি জাসদের মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূণ্য হওয়া উপ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

আসন থেকে স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর জাতীয় পার্টি ও বিএনপির পর জাসদ থেকে এমপি নির্বাচিত হলেও ৪৩ বছর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি আওয়ামী লীগ হতে এমপি নির্বাচিত হয়েছিলেন মোসলেম উদ্দীন আহমদ।

এদিকে চট্টগ্রামের প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে পুরো চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার নির্বাচনি এলাকা ছাাড়াও চট্টগ্রামের আওয়ামী পরিবারের মাঝে শোক বিরাজ করছে। মোসলেম উদ্দীনের মৃত্যুর খবর পেয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামসহ তার শুভার্থীরা।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদের জানাজা ও দাফনের প্রাথমিক সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। দল ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, বোয়ালখালী ও চট্টগ্রাম নগরে তৃতীয় দফা জানাজার নামাজ শেষে মঙ্গলবার নগরীর গরীব উল্লাহ শাহ মাজারস্থ কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে মোসলেম উদ্দীন আহমদকে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানিয়েছেন, সোমবার সকালে ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বা কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম জানাজা, বাদ আছর বোয়ালখালী নিজ এলাকায় গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা এবং পরদিন মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে তৃতীয় জানাজা শেষে গরীব উল্লাহ শাহ মাজারস্থ মায়ের কবরের পাশে দাফন করা হবে মোসলেম উদ্দীন আহমদকে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের কোতোয়ালিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক রাতে ১৪টি প্রতিমা ভাঙচুর