খাসখবর খেলা ডেস্ক: মালয়েশিয়াকে বড় ব্যবধানের হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর।
জবাব দিতে নেমে টাইগ্রেস বোলারদের তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি মালয়েশিয়ার মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন এলসা হান্টার। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন মাহিরা ইজ্জাতি ইসমাইল। বাংলাদেশের নাহিদা আক্তার ১৩ রানে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দুই ব্যাটার দিলারা আক্তার ও মুর্শিদা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৫১ রান তোলেন দিলারা-মুর্শিদা জুটি। দিলারা ২০ বলে ৩৩ রান করে আউট হলে দলীয় ৬৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
তবে ব্যাট হাতে মুর্শিদা ছিলেন মারমুখি। ৪৫ বলে হাফ সেঞ্চুরি পূরণ যেন আরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি। তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন অধিনায়ক জ্যোতি। শেষ পর্যন্ত ৫৯ বলে ১০ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা ৮০ রান করে আউট হন মুর্শিদা।
টাইগ্রেস অধিনায়ক জ্যোতি ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত তার ৩৭ বলে অপরাজিত ৬২ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের নারীরা।
চলমান নারী এশিয়া কাপের শুরুটা যদিও ভালো হয়নি বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের পর আজ তৃতীয় ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
বাংলাদেশ ইনিংস : ২০ ওভারে ১৯১/২ (দিলারা আক্তার ৩৩, মুর্শিদা খাতুন ৮০, নিগার সুলতানা ৬২*, রুমানা আহমেদ ৬*, মাহিরা ইজ্জাতি ১/৩৫, ইলসা হান্টার ১/২৭)।
মালয়েশিয়া ইনিংস : ২০ ওভারে ৭৭/৮ (আইনা হামিজা ০, ওয়ান জুলিয়া ১১, ইলসা হান্টার ২০, উইনিফ্রেড ৮, মাহিরাহ ১৫, আইনা নাজওয়া ৪, আয়সা ১, সুয়াবিকা ৮, নুর ইজ্জাতুল ২*, জাহানারা আলম ১/২০, নাহিদা আক্তার ২/১৩, জেসমিন ১/১৭, রাবেয়া খান ১/১০, রিতুমনি ১/২, স্বর্ণা আক্তার ১/৭, রুমানা ০/৫)।
ফল : বাংলাদেশ ১১৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : মুর্শিদা খাতুন।
খখ/মো মি


