চট্টগ্রামের আতুরার ডিপোয় চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারীযাত্রী দগ্ধ
খাসখবর চট্টগ্রাম ডেস্ক: মহানগরীর বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে দুই নারী গুরুতর দগ্ধ হয়েছেন।
অটোরিকশাচালক জানান, তার গাড়িতে কয়েকজন ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ করেছে।
রবিবার (২০ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আতুরার ডিপো চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।
আহত দুই নারী হলেন—রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা (৫০) এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা (৩০)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
অটোরিকশাচালক মো. জমির জানান, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আনয়নকারীরা বলেছেন, তাদের গাড়িতে পেট্রোল নিক্ষেপ করা হয়েছে।
এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
খখ/মো মি


