একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

Oplus_131072
thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্ক: প্রকাশকদের একটি অংশের আপত্তি সত্ত্বেও আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। এ পরিস্থিতিতে প্রকাশকদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্টল ভাড়ায় ৫৫ শতাংশ মওকুফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

thai foods

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এর আগে ‘পাঠকশূন্যতার আশঙ্কা’, ‘মানবিক বিপর্যয়’ ও ‘অর্থনৈতিক ঝুঁকি’র কথা উল্লেখ করে ৩২১টি প্রকাশনা সংস্থা এক যৌথ বিবৃতিতে ২০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও পবিত্র রমজান মাসের কারণে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন হলে ব্যাবসায়িক ও মানবিক ঝুঁকি তৈরি হতে পারে। তবে ঈদুল ফিতরের পর বইমেলা হলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং মেলা সফল করতে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেয় তারা।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার বইমেলা পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালকসহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান সংকট তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে নীতিগতভাবে একমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়ায় ৫৫ শতাংশ মওকুফ কার্যকর হবে।

এ বিষয়ে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, যেসব প্রকাশক ইতোমধ্যে স্টল ভাড়ার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নবনির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।

খখ/মো মি

আগে“নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, বিদায় নিয়ে নিজ কাজে ফিরে যাব”-প্রধান উপদেষ্টা
পরেবাংলাদেশের ‘সোয়া এক কোটি’ হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান আরএসএস প্রধানের