খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের তৎপরতায় বিকাশে ভুলবশত প্রেরণকৃত ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক।
জানা গেছে, ভুলবশত অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পটিয়া থানা পুলিশ। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশের আন্তরিক তৎপরতায় মাত্র ৪ দিনের মাথায় এই অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ কাজটি করেছেন পটিয়া থানার এসআই মোঃ জুয়েল উদ্দিন।
গত ২ মে রাত ৮টার সময় চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছ (২৯) পটিয়ার চান্দার বাড়ী এলাকায় অবস্থানকালে তার ব্যক্তিগত বিকাশ নম্বর থেকে টাকা পাঠাতে গিয়ে ভুলবশত অন্য একটি অজ্ঞাত নম্বরে ৫০ হাজার টাকা পাঠান।
টাকা হারানোর পর মোঃ ইলিয়াছ দ্রুত পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়ে পটিয়া থানার এসআই মোঃ জুয়েল উদ্দিন তদন্ত শুরু করেন। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান ও তথ্য সংগ্রহ করে গত ৬ মে সম্পূর্ণ টাকা উদ্ধার করতে সক্ষম হন।
ওইদিন দুপুরে পটিয়া থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত ৫০ হাজার টাকা মোঃ ইলিয়াছের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
খখ/মো মি


