খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার অপারেশন অফিসার এস আই মো. নাজমুল ইসলাম।
পুলিশ জানায়, গতকাল বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী থানার এসআই রূপন নাথের নেতৃত্ব একটি চৌকশ টিম নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞসাবাদে ফয়সাল জানায়, গত ২৬ মার্চ ২০২৬ সে নিজে (ধৃত আসামি মোঃ ফয়সাল) হাটহাজারীর আমান বাজারের পূর্বপাশে অবস্থিত আলআমিনের ভাড়াকৃত তুলার গুদামের ভিতরে ভিক্টিম আফরিন আক্তারকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের পর আসামি ফয়সাল তার বন্ধুকে দিয়ে পুনরায় ধর্ষণ করাতে চায়, এসময় আফরিন চিৎকার করতে চাইলে ফয়সাল ও তার বন্ধু মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে। প্রথমে ধারালো ছুরি ও ভোতা অস্ত্র দিয়ে আঘাত করে মুখমণ্ডল বিকৃত করে ফেলে এবং বাম চোখ উপড়ে ফেলে। পরবর্তীতে ভিকটিমের লাশ তুলার গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখে। ভিকটিম আফরিনের পরিবার ভিকটিমকে না পেয়ে খোঁজাখুজি শুরু করলে আসামি নিজেও তাদের সাথে ভিকটিমকে খোঁজাখুজির ভান করে এক পর্যায়ে খাগড়াছড়ির মানিকছড়ির গহিন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। সেখানে প্রায় দেড় মাস অবস্থান করে কিছুদিন আগে কুমিল্লা পালিয়ে যায়। সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানের পর নরসিংদী থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
খখ/মো মি


