খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক: খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ সুপায়ন মারমা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার প্রেমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক সুপায়ন মারমা ইউপিডিএফের (প্রসীত) গ্রুপের একজন কালেক্টর। তিনি সত্য নামেও পরিচিত। তার বাড়ি লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামে। তিনি মৃত রেদাচাই মারমার ছেলে।
পুলিশ জানায়, আটকের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি তাজা কার্তুজ, একটি চাঁদার বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়েছে।
খখ/মো মি


