খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।
পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় অক্টোবর-২০২৬ মাসে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’কে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

ওসি বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে অক্টোবর-২০২৬ মাসে ভূজপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, চিহ্নিত অপরাধী গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
এই সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ করে ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য অবদান রাখায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এ সম্মাননা প্রদান করা হয়।
তারই অংশ হিসাবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামী গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধারসহ অন্যান্য পারফরম্যান্স পর্যালোচনায় অক্টোবর-২৬ মাসে চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নির্বাচিত করেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম-বিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সার্কেল কর্মকর্তাগণ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, অফিসার ইনচার্জ (গোয়েন্দা শাখা), পুলিশ পরিদর্শক (প্রশাসন), ট্রাফিক বিভাগ এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূজপুর থানার এই সাফল্য আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় ফটিকছড়ি থানা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে এলাকাবাসী মনে করেন।
এ সাফল্য ভূজপুর থানাসহ তদন্ত কেন্দ্রে কর্মরত সকল অফিসার ফোর্সের বলে ওসি বিপুল চন্দ্র দে জানান। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ইতিপূর্বে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


