খাসখবর বিনোদন ডেস্কঃ মার্কিন পপশিল্পী স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা (জন্ম ২৮ মার্চ ১৯৮৬)। যিনি ‘লেডি গাগা’ হিসেবে বেশি পরিচিত। প্রখ্যাত মার্কিন এই গায়িকা ‘লেডি গাগা’ মাত্র ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন।
একটি নতুন সাক্ষাৎকারে জীবনের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন তিনি। অপরাহ উইনফ্রে এবং প্রিন্স হ্যারি’র নতুন অ্যাপল টিভি প্লাস শো’তে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
১৯ বছর বয়সে তার জীবনে ঘটে যায় সেই ঘটনা। ‘লেডি গাগা’ বলেন, ‘ তখন আমার বয়স ১৯ বছর। আমি তাদের সঙ্গে কাজ করছিলাম।
একজন নির্মাতা আমাকে বললেন, তোমার কাপড় খুলে দাও। আমি তার প্রস্তাবে রাজি হইনি, আমি না বলেছিলাম। এরপর আমি চলে গিয়েছিলাম। তারা আমাকে হুমকি দিয়েছিল, তারা আমার সমস্ত সংগীত পুড়িয়ে ফেলবে। এরপরও তারা থামেনি। তারা আমাকে জিজ্ঞাসা করা বন্ধ করেনি এবং আমি কেবল হিমশীতল হয়ে পড়েছিলাম। ’
তিনি জানান, এরপর ওই সংগীত প্রযোজক তাকে একটি ঘরের কোণে নিয়ে ধর্ষণ করেন।এঘটনায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সংগীতে তার প্রথম দিনগুলোতে ঘটে যাওয়া এই ঘটনার বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন লেডি গাগা।
৩৫ বছর বয়সী এই গায়িকা জানিয়েছেন, ওই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সুস্থ হতে তার আড়াই বছর সময় লেগেছিল।এই বিষাদময় ঘটনার বর্ণনা করলেও তবে ধর্ষকের নাম বলেননি তিনি।
মার্কিন এপপশিল্পী বিচিত্র ফ্যাশনের জন্য তিনি বেশ আলোচিত। গানের পাশাপাশি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি।
২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছিলেন।
খখ/মো মি


