খাসখবর গ্রাম-গঞ্জ ডেস্ক➤চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন ৬ জন। সীতাকুণ্ডে শীতলপুরে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৬ জন।
শনিবার(২২ মে) সকাল ৬টার দিকে এ ঘটনাটি ঘটে শীতলপুরের সাইনবোর্ড মদনহাটে।
নিহতরা হলেন-শরিফুল ইসলাম (৪৫), নবীর হোসেন (৩০) ও আতিকুর রহমান (২৭)। তারা সবাই চাল ব্যবসায়ী।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্র জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাওয়ার পথে শীতলপুরের সাইনবোর্ড মদনহাট নামক স্থানে উল্টে গিয়ে স্ক্র্যাপ লোহার ওপর পড়ে।
এ সময় শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন এবং বাকি ৮ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নবীর হোসেন ও আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
এদিকে কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , হতাহতরা সবাই চাল ব্যবসায়ী ও তাদের বাড়ি নওগাঁ জেলায়।
এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের কাজ চলছে।’
খখ/মো মি


