খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ বিজয়ের মাস ডিসেম্বরে বন্দরনগরী চট্টগ্রামে চালু হলো মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’র নতুন শাখা। গত ২ ডিসেম্বর এই শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
দেশে এক চত্বরে বহু সিনেমা হলের সুবিধাসম্পন্ন সিনেপ্লেক্স স্থাপনের প্রবর্তক স্টার সিনেপ্লেক্সের চট্টগ্রাম শাখা উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এটি ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের প্রথম শাখা।
গত ২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বন্দরনগরীর চকবাজারে বালি আর্কেডে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান বালি আর্কেডের পরিচালক সোলায়মান আলম শেঠ ও আর্কেডের প্রধান নির্বাহী আফতাব আলম শেঠ।
এতে স্টার সিনেপ্লেক্সের মাতৃসংস্থা শো মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল স্বাগত বক্তব্য দেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র তারকা শরীফুল রাজ ও পরীমণি।
৩ ডিসেম্বর থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন। এবিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত সুপরিসর এই মাল্টিপ্লেক্সে তিনটি হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)।
বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।
তিনি বলেন, দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম আমরা। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন যারা স্টার সিনেপ্লেক্সের মত একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। আমি নিজে চট্টগ্রামের মানুষ। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা বলেছেন। এবার কাজটি করতে পেরে আমি আনন্দিত।
মাহবুব রহমান রুহেল বলেন, দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি বাংলা সিনেমার সুদিন আবার ফিরে আসবে। পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার সংস্কৃতি আবার চালু হবে। এর জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা তৈরির চেষ্টা করছি আমরা।
উল্লেখ্য, ২০০৪ সালের রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে ঢাকায় এর ৫ টি শাখা রয়েছে। এগুলো হচ্ছে- ধানমন্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরনির সামরিক জাদুঘরে শাখাগুলো অবস্থিত। এছাড়া বগুড়া এবং রাজশাহীতে নতুন শাখার নির্মাণ কাজ চলছে।
খখ/মো মি


