খাসখবর বিভাগীয় ডেস্কঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার একটি বাসা থেকে গোপন বৈঠককালে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে এই ১১ জন নারীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
১৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গতকাল ১৮ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারে ১১ তলার সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালামের ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।
কিউসি টাওয়ারের ১১ তলার ‘বি’ ব্লকে ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন আসছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি বাসা ভাড়া নেওয়ার পর থেকে নিয়মিত ওই বাসায় জামায়াতের নারী সদস্যেরা আসা-যাওয়া করতেন এবং সেখানে গোপন বৈঠক করতেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসাসহ ভবনটি নজরদারিতে রাখে পুলিশ। গতকাল রোববার গোপন বৈঠক চলাকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নারীরা হলেন—হাজীগঞ্জ উপজেলা সদরের ফাতেমা বেগম (৪২), হাসিনা বেগম (৪৭), সালমা আহম্মদ (৩৮), কচুয়া উপজেলার নাছরিন খানম (৫২), শাহানা বেগম (৪৩), সাচার উপজেলার আঞ্জুমারা লাকি (৪০), শাহরাস্তি উপজেলার জেসমিন আক্তার (৪৮), নিহারা বেগম (৫৭), শিরিনা বেগম (৪২), মাসুদা বেগম (৪০) ও সেলিনা আক্তার (৪৩)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবায়ের সৈয়দ।
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. সফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকে বসেন তারা। পরে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের অনেক পরিকল্পনার কথা জানতে পারি। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


