পটিয়ায় ধলঘাটে বুড়া কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, ৩৭ ভরি স্বর্ণালংকারসহ দানবাক্স লুট

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে প্রায় ৭০০ বছরের সুপ্রাচীন মন্দির শ্রী শ্রী বুড়া কালী মন্দিরে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

thai foods

মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী জানান, রাত আনুমানিক ৩টার পর তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা। তারা মন্দিরের দেবীর প্রায় ৪০ ভরিরও বেশি স্বর্ণালংকার সহ দান বাক্সের সমস্ত টাকা লুট করে নিয়ে যায়।

জানা গেছে, মন্দিরের ভেতরে চট্টগ্রাম থেকে যাওয়া এক ভক্তসহ মন্দিরের দুজন সেবক রাত্রীযাপন করছিলেন। সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন মন্দিরের গর্ভগৃহের দরজা ভাঙা। ভেতরে কালী মায়ের মুর্তিতে থাকা স্বর্ণালংকার নেই। ভেঙেচুরে পড়ে রয়েছে দানবাক্স। পরে তারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। সেসময় সিসিটিভি ফুটেজে মন্দিরের ভেতরে ৭ জন লোককে প্রবেশ করতে দেখা গেছে। তবে টুপি পরা থাকায় তাদের শনাক্ত করা যায়নি।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থপীঠ হিসেবে পরিচিত এই মন্দিরে এমন চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। পটিয়া জন্মাষ্টমী পরিষদের আহ্বায়ক মাষ্টার শ্যামল দে বলেন, ৭০০ বছরের ঐতিহ্য সমৃদ্ধ একটি মন্দিরে এমন চুরির ঘটনায় সনাতনী সমাজ মর্মাহত। প্রশাসনের কাছে দ্রুত এই ঘটনার সমাধান প্রত্যাশা করেন তিনি সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

জানা গেছে, পটিয়া উপজেলার ধলঘাটে তৎকালীন জমিদার রাজারাম দত্ত স্বপ্নাদিষ্ট হয়ে এ মন্দির প্রতিষ্ঠা করেন। জমিদার রাজারাম দত্ত স্বপ্নাদিষ্ট হন যে দেবী নিম বৃক্ষে আছেন। ফলে স্বপ্নের সূত্রে ধরে তিনি একটি নিম বৃক্ষের কাঠ দিয়ে কালীর মূর্ত্তি তৈরি করিয়ে উক্ত গ্রামে স্থাপন করেন। মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী মা বুড়াকালী নামে পরিচিতা।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুপ্রাচীন মন্দির শ্রী শ্রী বুড়া কালী মন্দিরে চুরির ঘটনায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার এজাহারে ৩৭ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা চুরি কথা উল্লেখ করা হয়।

স্থানীয়রা জানায়, প্রসিদ্ধ মা বুড়াকালী মন্দিরে ১৯৭১ সালে পাকবাহিনী ঢুকবার সাহস করে নি। আজ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়ে সব লুটে নিয়ে গেল!

এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

খখ/মো মি

আগে“আওয়ামী লীগ জনগণকে যে কথা দেয় সে কথা রাখে”-প্রধানমন্ত্রী
পরেরাউজান থানার বৃক্ষপ্রেমী ওসির করা ‘ছাদ বাগান’ উদ্বোধন