খাসখবর রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। শহর থেকে মানুষ গ্রামে যাচ্ছে যার ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সাধারণ মানুষ যে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে তা মির্জা ফখরুল বা বিএনপির পছন্দ নয়।
তিনি বলেন, মানুষ যে আবেগ-উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে তা সবসময়ই বিএনপির গাত্রদাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতিবাচক বক্তব্য তাদের সেই চিরাচরিত গাত্রদাহের প্রতিফলন।
‘দুঃখ-কষ্টে ঈদ উদযাপন করছে সাধারণ জনগণ’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে রোববার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি দেন ওবায়দুল কাদের।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ সরকার কখনোই মিথ্যা তথ্য দেয়নি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বব্যাংক, এডিবি, ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে- যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুলরা এসব তথ্য আমলে না নিয়ে প্রতিদিন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য দিয়েই যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে। তাদের রাজনীতিতে গণবিচ্ছিন্নতার দুর্ভিক্ষ রয়েছে বলেই তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে অক্ষম। বিএনপির রাজনীতি বদ্ধ জলাশয়ের মতো, তারা নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপি রাজনীতির নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারেনি।
মির্জা ফখরুল তাদের শাসনামলের দুর্ভিক্ষের দুঃস্বপ্ন জাতিকে দেখানোর অপচেষ্টা করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আজ খাদ্যের অভাবে দেশের কোথাও কোনো প্রাণহানি ঘটেছে? ঘটেনি। দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে এমন কোনো সুনির্দিষ্ট তালিকা বা নাম কি মির্জা ফখরুল ইসলামের কাছে আছে? নেই। মির্জা ইসলাম তাদের চিরায়ত ভঙ্গিতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টির উস্কানি দিচ্ছে।
খখ/মো মি


